আগামী মাসে প্রস্তাবিত ইন্দো-পাক সিরিজের বিষয়ে গতকাল নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী নিরাপত্তার কারণে ভারতে সিরিজ খেলতে ক্রিকেট দলকে অনুমতি দিতে অস্বীকার করেছে পাকিস্তান সরকার।
পিসিবি নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি হিন্দুস্তান টাইমসকে বলেন, পাকিস্তানী সরকারের অবস্থান হচ্ছে সরকারের অনুমতি ছাড়া পিসিবি ভারতে খেলতে পারে না, যে অনুমতি দেয়া হয়নি। ভারতের মাটিতে খেলার বিষয়ে সরকার নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। আমি জানি না, ভারত কেন সংযুক্ত আরব আমিরাতে খেলতে রাজি হচ্ছে না। তারা সম্প্রতি (২০১৪ সালে) সেখানে আইপিএল ম্যাচ খেলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আমরা নতুন একটি প্রস্তাবের অপেক্ষায় আছি। তবে আমাদের অবস্থান পরিষ্কার-আমরা খেলতে ভারত যাচ্ছি না।
শেঠি আরো বলেন, এটা ভারতের হোম সিরিজ। অর্থাৎ এ সিরিজের ভেন্যু পছন্দ করা পিসিবির অধিকার এবং রাজস্বের পুরোটাই পিসিবি পাবে। ঠিক যেমন ভাবে ভারতের হোম সিরিজ রয়েছে ২০১৭ সালে। সে সময় অর্জিত রাজস্বের পুরোটাই পাবে বিসিসিআই এবং ভেন্যুও পছন্দ করবে ভারত।
দুবাইতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আসন্ন বৈঠকে উভয় দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর প্রতিপক্ষ পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আপাতত পিসিবির অবস্থা হচ্ছে ভারতের মাটিতে না খেলা। বাসস।
