যে কারণে তারেকের জন্মদিনে কেক কাটলো না বিএনপি

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ২১:৪৮
 
কেবল রক্তদান আর দোয়া মাহফিলের মাধ্যমে দেশে তারেক রহমানের ৫১ তম জন্মদিন পালন করলেন নেতা-কর্মীরা। প্রতিবছর বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাঁকজমকের সঙ্গে কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়। তবে এবার কেক কাটতে তারেক রহমান বারণ করেছেন বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন।
 
লন্ডন থেকে দলের একজন নেতা জানান,এবার তারেক রহমান নেতা-কর্মীদের কাছে এই বার্তা দেন যে, যদি পারেন কোরআন তেলাওয়াত-দোয়া-দরুদ পড়ে মহান আল্লাহর কাছে আমার ও দেশের জন্য দোয়া করবেন। আর কেকের জন্য যে টাকা খরচ করতে চাচ্ছেন তা কোন এতিম খানায় দান করুন।
 
তবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বাদ জুমা দলের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এদিকে পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নির্ধারিত আলোচনাসভা স্থগিত করা হয়েছে। শুক্রবার ছাত্র দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন পুলিশের অনুমতি বাতিল হওয়ায় আলোচনা সভা স্থগিত করা হয়েছে। তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছিল।
 
এদিকে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শাহীন, আব্দুল লতিফ জনিসহ এসময় প্রমুখ উপস্থিত ছিলেন।