সন্ত্রাসী হামলার হুমকিতে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেনা মোতায়েন করা হয়েছে। মালয়েশীয় কর্তৃপক্ষ বলেছে, অসমর্থিত সূত্রে সন্ত্রাসী হামলার হুমকির খবর পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার রাতে দেশটির পুলিশপ্রধান খালিদ আবু বকর সাংবাদিকদের বলেন, ‘নিশ্চিত না হলেও সন্ত্রাসী হামলার হুমকির কয়েকটি খবর আছে আমাদের কাছে। ফ্রান্স, মিসর এবং লেবাননে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।‘
মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জুলকিফেলি মো. জিন জানান, কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ জায়গায়গুলোতে দুই হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও আড়াই হাজার সেনাসদস্য প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে আঞ্চলিক জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার মালয়েশিয়াতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আসার আগেই সেনা মোতায়েন করা হয়। খবর রয়টার্সের। আজ দুপুরে কুয়ালালামপুরে পৌঁছান বারাক ওবামা। পরে তিনি কুয়ালালামপুর ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
কাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ১০ দেশের জোট আসিয়ানের সম্মেলনে সদস্যরাষ্ট্র ছাড়াও সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
