মালিতে ১০ দিনের জরুরি অবস্থা জারি

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০৯:০০
মালির রাজধানী বামাকোতে হোটেল রেডিসন ব্লু এ জঙ্গি হামলার ঘটনায় দেশটিতে ১০দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা সরকার। জাতীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে জরুরি অবস্থার এ ঘোষণা দেয়া হয়।
 
এছাড়া হামলায় নিহতদের স্মরণে দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
 
এদিকে মালি হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে জড়িত আল-মৌরাবিতউন নামের একটি আফ্রিকান জঙ্গি গোষ্ঠী। এ টুইটে সংগঠনটি এ দায় স্বীকার করে। 
 
সাহারা মরুভূমিতে সক্রিয় জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আল কায়েদার সাবেক যোদ্ধা মোখতার বেলমোখতার। দুই বছর আগে জঙ্গি দলটি গঠন করেন মোখতার।
 
মালির ওই হামলায় সবশেষ ২৭ মরদেহ ‍উদ্ধারের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে অন্তত দুই হামলাকারী।
 
-রয়টার্স