ব্যক্তিগত সম্পর্কে সৃষ্ট তিক্ততার কষ্ট কমাতে সহায়ক একটি সফটওয়্যার টুল পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। ঐ টুলটির নাম দেয়া হয়েছে ‘ব্রেক-আপ’।
সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন সঙ্গীকে এড়াতে হয় আনফ্রেন্ড অথবা ব্লক-এর সাহায্য নেয়া হয়। তবে যাকে ব্লক বা আনফ্রেন্ড করা হচ্ছে তিনি বিষয়টি বুঝতে পারেন।
আর ফেসবুকের পরীক্ষাধীন নতুন ‘ব্রেক-আপ’ টুলের মাধ্যমে যা যা করা সম্ভব হবে-
* প্রাক্তন সঙ্গীকে ব্লক বা আনফ্রেন্ড না করেই তাকে এড়ানো সম্ভব হবে। তার নাম ও প্রোফাইল পিকচার তেমন একটা দেখাবে না ফেসবুক। এছাড়াও নিউজফিডে তাদের স্টোরি দেখা যাবে না। এমনকি অন্য কোনো ব্যক্তি তাদেরকে ট্যাগ করে মেসেজ লিখলে বা ছবি পোস্ট করলেও তার নাম দেখাবে না।
* এই সেবা ব্যবহারকারীর স্ট্যাটাস আপডেট, ছবি, ভিডিও ইত্যাদি প্রাক্তন সঙ্গীর নিউজফিডেও কম দেখানো হবে।
* ব্রেক আপ টুলস ব্যবহারকারীরা এডিট অপশনের মাধ্যমে ঠিক করে দিতে পারবেন, তার কোন পুরানো পোস্টগুলো প্রাক্তন সঙ্গী দেখতে পারবে। তিনি চাইলে পুরানো পোস্ট থেকে নিজেকে আনট্যাগ করতে পারবেন।
ব্রেক-আপ টুলস প্রসঙ্গে ফেসবুকের পণ্য বিভাগের পরিচালক কেলি উইন্টার্স বলেন, যারা জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য এই সেবা। এটি আমাদের সম্পদ সম্প্রসারিত করার চলমান প্রচেষ্টার একটি অংশ। আমরা আশা করছি, এই টুলগুলো ফেসবুকে মানুষদের সম্পর্কে ইতি টানার ব্যাপারে সাহায্য করবে।
