প্রচলিত শিক্ষার পাশাপাশি কিশোরীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। গতকাল শুক্রবার স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মাইক্রোসফট বাংলাদেশ এর সহায়তায় ‘ইয়েস শি ক্যান’ প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিশোরীদের মাঝে ৭০টি ল্যাপটপ বিতরণ করেন।
গুলশানে অবস্থিত মাইক্রোসফটের কার্যালয়ে দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। এই কারণেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম লক্ষ্য জেন্ডার সমতা সময়ের আগেই অর্জন করতে পেরেছি আমরা। এরপরেও স্কুল থেকে ঝরে পড়ার উচ্চ হার ও শিক্ষার গুণগত মান নিয়ে কিছু সমস্যা রয়েছে। একটি আধুনিক সিস্টেম ও তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রামের গরীব শিশুদের মুল ধারার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকের পারফরম্যান্সেরও অগ্রগতি হবে।
প্রতিমন্ত্রী বলেন, একদিন এই কিশোরীরাই দেশকে এগিয়ে নেবে। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা জরুরী অনুষ্ঠানে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের ফারজানা ব্রাউনিয়া এবং মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া কবির উপস্থিত ছিলেন।
