সিরীয় শরণার্থীদের জন্য মিশিগানে নিজের বাড়ির দুয়ার খুলে দিলেন হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর। গত শুক্রবার তার ফেসবুক পেইজে একটি খোলা চিঠি পোস্ট করে তিনি একথা জানান।
প্যারিস হামলার পর প্রদেশটির গভর্নর শরণার্থীদের ফিরিয়ে দেয়ার কথা ঘোষণা করায় তাকে তিরস্কার করেই ঐ চিঠি লিখেন মুর। বাম রাজনীতির আদর্শে উজ্জীবিত এ পরিচালক তার এ সিদ্ধান্তের মধ্য দিয়ে গভর্নর রিক সিনদারকে অনেকটা চপেটাঘাত করলেন। চিঠিতে মুর বলেন, তার আচরণ যেন ‘আমেরিকা বিরোধী’। তার কাজকর্ম মর্যাদাহানিকর এবং সংবিধান পরিপন্থী। কেননা এ ধরনের সিদ্ধান্ত নেয়ার একমাত্র বৈধ ক্ষমতা রয়েছে আমেরিকার প্রেসিডেন্টের।
তিনি বলেন, এরকম হৃদয়হীন এবং খ্রিস্টান ধর্ম যাকে সমর্থন দেয় না এমন পদক্ষেপে আমি আপনার প্রতি অসন্তুষ্ট গভর্নর সিনদার। আপনিও আরো ২৫ জন গভর্নরের সুরে সুর মেলালেন- বলেন তিনি। তিনি আরো বলেন, আমি পরিকল্পনা করেছি গভর্নরের নিষেধাজ্ঞা ‘অমান্য’ করব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে উত্তর মিশিগানের ট্রাভার্স শহরে অবস্থিত আমার বাড়িটি শরণার্থীদের ব্যবহার করতে দেয়ার অনুমতি চাইব। তাছাড়া মুর তার ভক্তদের এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানান।
জর্জ ডব্লিউ বুশের সন্ত্রাসবিরোধী যুদ্ধ নীতির সমালোচনা করে 'ফারেনহাইট ৯/১১' প্রামাণ্যচিত্র বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সূত্র: বিবিসি
