ছয় দিনের এশিয়া সফরের অংস হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মালয়েশিয়ায় গিয়েছেন। তার সফরকে ঘিরে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে।
এই সফরকে কেন্দ্র করে কুয়ালালামপুরে অন্তত দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার সেখানে সন্ত্রাসী হামলার আশঙ্কার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ফিলিপাইন সফর শেষে কুয়ালালামপুরে পৌঁছান ওবামা।
ফিলিপাইনে অবস্থানকালে ওবামা বলেন, চীনকে অবশ্যই সাগরে ড্রেজিং বন্ধ করতে হবে। তিনি ফিলিপাইনকে অর্থনৈতিক ও নৌ-নিরাপত্তায় সহযোগিতা দেয়ারও প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।
দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশের সহযোগিতা সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে ওবামার। সম্মেলনে দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রভাব বিস্তার করে রাখবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। সূত্র: বিবিসি
