বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ০২:১৯

বেলজিয়ামে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে গতকাল শনিবার। সিনিয়র মন্ত্রী, পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর বৈঠকের পর এই সতর্কতা জারি করা হয়।

 
সরকারের ক্রাইসিস সেন্টার থেকে জনগণকে সম্ভাব্য ক্ষেত্রে শপিং সেন্টার, কনসার্ট, পরিবহন স্টেশনগুলো যেখানে বেশি মানুষ জমায়েত হয় সেগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। প্যারিসে হামলার পরেই বেলজিয়ামে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ সতর্কতা ৪ নম্বর করা হয়েছে। এর আগে বেলজিয়ামে এই মাত্রার সতর্কতা কখনও জারি করা হয়নি। খবর আল জাজিরার
 

বেলজিয়াম সরকার মনে করে, তাদের দেশ মারাত্মক হুমকির মুখে রয়েছে। তারা ব্রাসেলসের বাসিন্দাদের খুব সাবধানে চলতে বলছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে বেলজিয়ামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্যারিসে আত্মঘাতী হামলাকারীদের মধ্যে দু’জন বেলজিয়ামে বসবাস করতেন। গত বৃহস্পতিবার বেলজিয়ামে জন্ম নেয়া আইএস জঙ্গি আবদেল হামিদ আবাউদ প্যারিসের সেইন্ট ডেনিস এলাকায় পুলিশের অভিযানে নিহত হয়েছেন। মরক্কো বংশোদ্ভূত আবাউদকে প্যারিস হামলার মূল হোতা বলে ধারণা করা হচ্ছে।