প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক বাধা পেরিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল পর্যায়ে এসেছে। দেশের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে আরো যত্নবান হতে হবে। রবিবার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজন ব্যাপক বিনিয়োগ। একটি বলিষ্ঠ, জবাবদিহিমূলক ও কার্যকর পুঁজিবাজার শিল্প-কারখানা এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আশা করি- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ বিষয়ে সবসময়ই সজাগ থাকবে এবং দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
IMG0
তিনি বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাব, বিনিয়োগকারী ও দেশের স্বার্থে নিজেদের কর্মকাণ্ড অধিকতর যত্নের সাথে পরিচালনা করুন। সরকারের সহযোগিতা আপনাদের জন্য বজায় থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বিএসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও এসইবিআই চেয়ারম্যান ইউকে সিনহা একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
শেখ হাসিনা বলেন, আমি মনে করি, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এসব বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া’র অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের পুঁজিবাজারকে আরো সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এবং দেশের দুই স্টক এক্সচেঞ্জের শীর্ষ ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা।
