টিকফা ফোরামের দ্বিতীয় বৈঠক সোমবার

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৬:২৯

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামীকাল সোমবার থেকে শুরু হতে টিকফা ফোরামের দ্বিতীয় বৈঠক। ফোরামের উদ্বোধনী বৈঠকের দিনে বাংলাদেশের সভাপতিত্ব করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

যুক্তরাষ্ট্রের হয়ে সহ-সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি।
   
২০১৩ সালের ২৫শে নভেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষর করে যা দ্বারা একটি বার্ষিক ফোরাম প্রতিষ্ঠিত করা হয়েছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে দূর করার উদ্যোগ নেওয়া হবে। এই বছরের টিকফা সভায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার বাণিজ্য আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে এই দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সাড়ে ছয়শো কোটি ডলার ছাড়িয়েছে। এর আগে ২০১৪ সালের ২৮ এপ্রিল ‍ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই ফোরামের প্রথম বৈঠক।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপপ্রধান ডেভিড মিলি দ্বিতীয় টিকফা সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি বলেছেন, এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও বিস্তৃত করাই হচ্ছে টিকফা যার মধ্যে রয়েছে নতুন অনেক সম্ভাবনাময় দিক যেমন, ওষুধ শিল্প থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ ও তথ্য প্রযুক্তি।