খুলনা মেয়রের বরখাস্ত আদেশ হাইকোর্টেও বহাল

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৭:১২


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জমান মনিকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকারের আদেশ চ্যালেঞ্জ করে আনা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে মনিকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকারের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত ১১ জুন মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিভিন্ন মামলায় খুলনার মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গ্রহণ করায় সিটি কর্পোরেশন আইনের ১২ (১) এর ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে। গত ২ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
 
রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি দায়ের করেন মনি। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট করা হয।

ইতোপূর্বে নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযোগ পত্রে নাম থাকায় সিলেট, রাজশাহী ও গাজীপুরের মেয়রকে বরখাস্ত করা হয়। বাসস।