শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদের আশ্বাসে টানা ২৮দিন শেষে রবিবার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে দুপুর সোয়া দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে সকাল ১০টা থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান ও সমাবেশে অংশ নেন। এ সময় ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর একটার দিকে শিক্ষদের সমাবেশস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের বিষয়টি জানান আবুল কালাম আজাদ। এর পরিপ্রেক্ষিতে রাস্তা ছেড়ে দেন ও আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাই আমরা আশা করছি, শিগগিরই ননএপিও সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর এ আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন স্থগিত করলাম।
এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এই শিক্ষক-কর্মচারীরা। পরে কয়েক দিন অনশন শেষে আবার অবস্থান কর্মসূচি শুরু করেন।
