আর্জেন্টিনায় নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন বিরোধী ও রক্ষণশীল দলের প্রার্থী মৌরিশিও মাক্রি । রবিবার রাতে ভোট গণনা শেষে এ ফল জানা গেছে।
রবিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে দেশের ৬৬ শতাংশ লোক ভোট দেন। ওইদিন রাতে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯১ দশমিক ৫ শতাংশ কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে মাক্রি পেয়েছেন ৫২ দশমিক এক শতাংশ। আর প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল স্কিওলি পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।
এদিকে, পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কির্চনারের মনোনীত প্রার্থী স্কিওলি।
মাক্রির নির্বাচনী প্রচার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকোর্স পেনা প্রাথমিক ফলাফলের পর বলেছেন, আর্জেন্টিনায় আজ যা ঘটেছে তার জন্য আমরা খুশি।’
