তুষ্টি নির্যাতন মামলা স্থগিত, কোর্ট মার্শালেও যাচ্ছে না

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৩:২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান তুষ্টিকে নির্যাতনের ঘটনায় তার স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। 
 
এর ফলে ওই মামলা কোর্ট মার্শালে নেয়ার বিষয়টি আপাতত স্থগিতই থাকছে বলে জানিয়েছেন তুষ্টির বাবার একজন আইনজীবী।  
 
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
 
নারী নির্যাতন আইনে করা অভিযোগের বিচার কোর্ট মার্শালে চলতে পারে কি না, এ প্রশ্নে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তুষ্টিকে নির্যাতনের ঘটনায় করা মামলা স্থগিত করে দেয়। সেই সঙ্গে ওই মামলার নথি কোর্ট মার্শালে বিচারের জন্য পাঠাতে সেনা সদর দপ্তর থেকে যে চিঠি টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল, তার কার্যকারিতাও স্থগিত করা হয়।