‘কারো ব্যক্তিগত দায় বিএনপি দলের উপরে নেবে না’-বিএনপি নেতৃবৃন্দের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে এই ধরনের বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ দায় এড়াতে চাইছেন। যুদ্ধাপরাদের রায় বিএনপি নেতৃবৃন্দের উপরেও বর্তায়। কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন যুদ্ধাপরাধী হিসেবে আদালত রায় দিল তখন বিএনপি তাকে দল থেকেও বাদ দেয়নি। উপরন্তু বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক হয়রানিমূলক বলে মন্তব্য করেছিল।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল বিরোধী এক সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ফাঁসির আগ পর্যন্ত সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদে আসীন ছিলেন। মূলত বিএনপির যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দলগত অবস্থান গ্রহণ না করে তারা প্রমাণ করেছে যে বিএনপিও যুদ্ধাপরাধীদের দল। এই দায় তারা এড়াতে পারে না।
রায় কার্যকরের পরে হরতাল ডেকে জামায়াত বাংলাদেশের আইন ও আদালতকে অবমাননা করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা আদালতের রায় মেনে না নিয়ে হরতাল ডাকে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। আশা করি আদালত জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল হিসেবে রাজনীতিতে নিষিদ্ধ করার পাশাপাশি দেশের আইন-আদালত অমান্যকারী দল হিসেবেও নিষিদ্ধ করবে।
সংঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তালুকদার ইউনুছ, শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার,হাসিবুর রহমান মানিক,এম এ করিম প্রমুখ।
