দ্বিতীয় দফায় ভারতে গেলেন বিলুপ্ত ছিটমহলের ১৪৭ জন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৬:৫১
 
দ্বিতীয় দফায় ভারত গেলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের ২৮টি পরিবারের ১৪৭ জন সদস্য। এই দুইটি ছিটমহলের ৩১ পরিবারের ১৭৭ জন ভারতে যাওয়ার কথা থাকলেও প্রস্তুতি না থাকায় ৩০ জন চতুর্থ দফায় ভারতে যাবেন বলে জানিয়েছেন।
 
সোমবার সকাল সাড়ে নয়টায় দেবীগঞ্জের গাজোকাটি বাজার মাঠের অস্থায়ী ক্যাম্পে পঞ্চগড়ের এডিএম মোহাম্মদ গোলাম আজম ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনারের প্রথম সেক্রেটারি রমা কান্ত গুপ্তার নিকট ১৪৭ জন নতুন ভারতীয় নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ তাদের হস্তান্তর করেন। পরে চারটি মিনিবাস ও সাতটি ট্রাকে করে তাদের নিয়ে যাওয়া হয়।
 
তারা নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে পৌঁছালে সেখানকার আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করা হয়। দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ভারতের কুচবিহার জেলার এডিএম আয়শা রানী ও বিএসএফের ডেপুটি কমান্ডার একে ঝাঁর হাতে মালামালসহ নতুন নাগরিককে হস্তান্তর করেন। এসময় নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়াসহ গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বরণ করে নেয়।
 
মঙ্গলবার তৃতীয় দফায় দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ী ছিটমহলের ২৯টি পরিবারের ১৪৯ জন ভারতে যাবেন।