চাঁদাবাজি মামলায় নূর হোসেনের হাজিরা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৭:২৪
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির দিয়েছেন। সোমবার ওই আদালতে হাজির করার পর হাজিরা শেষে তাকে আবার জেল হাজতে পাঠানো হয়।
 
নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে নয়টায় একটি চাঁদাবাজি মামলায় জেল হাজত থেকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরিফের আদালতে হাজির করা হয়। জনৈক আকরাম হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন। হাজিরা শেষে সকাল দশটায় তাকে আবার জেলা হাজতে নিয়ে যায় পুলিশ। আদালতে নূর হোসেনের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। কোনো জামিনের আবেদন করা হয়নি।
 
সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন জানান, নূর হোসেনকে ১৩ নভেম্বর দেশে ফিরিয়ে এনে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। ওই দিন পুলিশ আদালতে তার বিরুদ্ধে সাতখুনসহ মোট এগারোটি মামলা রয়েছে বলে জানায়। এসব মামলার একটিতে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।