ইসলামিক স্টেটের (আইএস) হামলার হুমকির মধ্যে জাপানের টোকিওর ইয়াসুকুনি সৌধের পাবলিক টয়লেটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও টয়লেটের ছাদ, মেঝে ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের কারণ বা এর পেছনে কারা রয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। টোকিওর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিস্ফোরণস্থল থেকে ব্যাটারি ও ইলেকট্রিক তার উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ইচ্ছাকৃতভাবে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিস্ফোরণের পর কয়েক ডজন ফায়ার ফাইটার ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। অবিস্ফোরিত বোমার সন্ধানে মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকেও তলব করা হয়।
গত দেড়শ বছরে যুদ্ধে নিহত ২৫ লাখ জাপানির প্রতি শ্রদ্ধা জানাতে ইয়াসুকুনি সৌধ নির্মাণ করা হয়। তবে সত্তরের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকশ যুদ্ধাপরাধীকে সেখানে সমাধিস্থ করার পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সূত্র: বিবিসি
