‘কোনো দেশের বিরূপ মন্তব্য গ্রহণের পর্যায়ে বাংলাদেশ নেই’

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ২১:০৪
‘যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো দেশের বিরূপ মন্তব্য গ্রহণ করার মতো পর্যায়ে বাংলাদেশ এখন আর নেই।’
 
সোমবার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে ‘কড়া প্রতিবাদ’ জানানোর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু পাকিস্তান কেন, পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছ থেকেই যুদ্ধাপরাধীদের, মানবতাবিরোধী বিচারের প্রশ্নে আমরা কোনো নেতিবাচক মন্তব্য গ্রহণ করব না।’
 
প্রসঙ্গত, একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের মৃতুদণ্ড কার্যকর হওয়ার পর রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে এই বিচারকে ‘প্রহসন’ আখ্যায়িত করে এ নিয়ে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার’ কথা বলা হয় ।