আজ ঢাকায় সৌমিত্র ও শীর্ষেন্দু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ০১:২৪

ভারতীয় বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তী অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঢাকায় আসছেন আজ। দেশের সাহিত্যিক-সাংবাদিক-শিল্পী ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত এক আনন্দ আড্ডায় তারা যোগ দেবেন।

 
সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমানের সম্পাদনায় আগামী ১ ডিসেম্বর পাঠকের সামনে উন্মোচিত হতে যাচ্ছে অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.কম। এ উপলক্ষে প্রকাশনার পূর্বক্ষণে ‘কথা-কবিতা-গান’ শীর্ষক এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 

সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়াও এ আনন্দ আড্ডায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়ক রাজ রাজ্জাক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।