চলতি শিক্ষাবর্ষ থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য সহজ ও দীর্ঘমেয়াদি কিস্তিতে ল্যাপটপ দিবে ড্যাফোডিল কম্পিউটার্স। সম্প্রতি এই বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, ল্যাপটপ বিতরণের ফলে ঢাবি শিক্ষার্থীদের শিক্ষাসহ তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি পাবে যা তাদের আধুনিক উন্নত ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, ড্যাফোডিল কম্পিউটার্সের কোম্পানি সচিব মো. মনির হোসেন, উপ-মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারী প্রমুখ।
