বিশ্বজুড়ে ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ০৯:৪২
সন্ত্রাসী হামলার ক্রমবর্ধমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ভ্রমণে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ সতর্কবার্তা জারি করা হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের গুলিতে নিহত হয় ১৩১ জন। এ ঘটনার পর ইউরোপের দেশগুলোতে সতর্কতামূলক ব্যবস্থাও নেয়া হয়েছে।
 
মার্কিন পররাষ্ট্র দফতর তাদের ওয়েবসাইটে দেয়া সতর্কবার্তায় বলেছে `বর্তমান তথ্যে` জানা যাচ্ছে ইসলামিক স্টেট গোষ্ঠী, আল কায়েদা, বোকো হারাম এবং অন্যান্য গোষ্ঠী বেশ কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে।
 
এতে মার্কিন নাগরিকদের গণপরিবহন ব্যবহার ও যেসব এলাকায় মানুষের ভীড় থাকে সেসব স্থানে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং গণজমায়েতপূর্ণ অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।