তামিম ও তার পরিবারকে গালাগালির অভিযোগ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১০:৫৪
তারকা ক্রিকেটার ও টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবালকে সোমবার চিটাগাং ভাইকিংস ও সিলেট সুপারস্টার্সের খেলার আগের ঘটনায় সিলেটের এক কর্মকর্তা গালাগাল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও সিলেট সুপারস্টার্সের পক্ষ থেকে পরে বিষয়টি অস্বীকার করা হয়। 
 
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।
 
সিলেটের দলটির দুই বিদেশি খেলোয়াড় জশুয়া কব ও রবি বোপারাকে নিয়ে কাল এ খেলাটি শেষ পর্যন্ত এক ঘণ্টা দেরিতে মাঠে গড়ায়। জানা যায় সে সময়েই ঘটনাটি ঘটেছে। তামিম ইকবাল খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেই অভিযোগটি করেন। 
 
তিনি ঘটনার বর্ণনা করে বললেন, ‘একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, বিপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের সম্মান করা উচিত। বিপিএলে (কারো) পয়সা আছে তার মানে এই না যে জাতীয় দলের একজন খেলোয়াড়কে ভিক্ষুকের মত ট্রিট (মনে) করবে। আমি এখানে খেলতে এসেছি। আমার মা-বাবা, আমার পরিবারের ব্যাপারে গালি শুনতে আসিনি।’
 
তামিম অবশ্য সিলেট সুপারস্টার্সের ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি। শুধু জানান তার পরিবারকে নিয়েও গালাগাল করা হয়েছে।
 
এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিমুল ইসলাম। তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত আরেকটি সংবাদ সম্মেলনে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করলেন, এমন একটা অভিযোগ তারা শুনেছেন; সাক্ষীও পেয়েছেন। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে দুজনই ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেন।
 
জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা দুঃখজনক। এটা হওয়া উচিত ছিলো না। জাতীয় দলের সহ-অধিনায়ক বা যে কোনো প্লেয়ারের সঙ্গে এ ধরনের আচরণ হওয়া উচিত নয়। আমরা এটা সমর্থন করি না। যেহেতু একটা ম্যাচ চলছিলো, ম্যাচ শেষে আমরা কথা বলেছি। মাঠে আমাদের অ্যান্টি করাপশন বিভাগের একজন মেজর ছিলেন। তিনিও ব্যাপারটা দেখেছেন। তার কাছ থেকে আমরা প্রতিবেদন নিবো। এরপর এ বিষয়ে অ্যাকশনে যাবো।’
 
এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিমুল ইসলাম উল্টো অভিযোগ করেছেন, তার বাবা আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলামকে অবমাননাকর কথা বলেছেন তামিম, ‘আমি ওই মুহূর্তে মাঠে ছিলাম না। আপনি জানেন, আকসুর নিয়ম অনুযায়ী মালিকরা খেলোয়াড়দের সাথে প্রত্যক্ষ আলাপে যেতে পারবে না। তাই বাবাও কোনো কথা বলেননি। তামিম যেচে এসে বাবাকে কিছু একটা বলতে যাচ্ছিলেন। জবাবে, বাবা তাকে খেলায় মন দিতে বলেন। তখন তামিম গালি গালাজ করেছেন। আমাদের কাছে পুরোটার ভিডিও ফুটেজ আছে। তামিম জাতীয় দলের ক্রিকেটার, তিনি ভালো ক্রিকেট খেলেন; তাকে অপমান করা, তার পরিবারকে অপমান করার প্রশ্নই আসে না।’
 
মূলত সিলেট সুপারস্টার্স তাদের খেলোয়াড় তালিকার বাইরে থেকে দুই বিদেশিকে মাঠে নামানোর চেষ্টা করে, সে সময়ে প্রতিবাদ করে তামিম যখন বসেছিলেন, সেই সময়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন দেশসেরা এই ব্যাটসম্যান। সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে তামিম ‘স্যার’ বলেও সম্মোধন করেছেন বলে জানালেন, ‘আমি ওই মানুষটার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলাম। তাকে ‘স্যার, স্যার, স্যার’ বলেও সম্মান করেছি। সে আমাকে বলেছিল দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। আমি সেই কাজটিও করেছি। এরপর সে আমার পরিবার নিয়ে খুব বাজে মন্তব্য করে যেটা খুব অপ্রীতিকর।’
 
এরপরও তামিম নিজেকে শান্ত রেখেছেন দাবি করে বলেন, ‘(আমি বলেছি) আমাকে তো বলে কোনো লাভ নেই। কারণ আমি একটা ফ্রাঞ্চাইজির হয়ে খেলি। ওরা যদি বলে যে খেলবা না তাহলে কিন্তু আমি বাধ্য তাদের কথা শুনতে।’
 
এই জাতীয় ব্যবহারে তামিম যে অত্যন্ত মর্মাহত, সেটা বারবারই বললেন। বিশেষ করে জাতীয় দলের টেস্ট সহ-অধিনায়ক এমন ব্যবহার পেয়ে বিস্মিত, ‘মানুষের কাছে অনেক টাকা থাকে, অনেক মানুষের কাছেই থাকতে পারে। তার থেকে হাজার হাজার গুণ বেশি টাকা আইপিএলে। আমি আইপিএলে খেলা সুযোগ পাইনি কিন্তু আমি টিমে ছিলাম। আমি ওখানে থেকে সব দেখেছি তারা কিভাবে একটা ক্রিকেটারকে মূল্যায়ন করে।’
 
সব ফরম্যাটেই দেশের সেরা এই রান সংগ্রাহক বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারও। তাই তিনি আশা করেন, বিসিবিই এ ব্যাপারে পদক্ষেপ নেবে। আর তা না হলে খেলা ছেড়ে দেয়ার কথা ভাবা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমি বিসিবির একটা পার্ট। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নিবে। আমাদের কিভাবে সম্মান দিবে সেটা নিয়ে ভাববে। তারা যদি আমাদেরকে ভিক্ষুকের মত ট্রিট করা শুরু করে তাহলে আমাদের খেলা ছেড়ে দেয়া উচিত।’