অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ধ্বংস করতে মার্কিন নেতৃত্বাধীন স্থল অভিযানের প্রতি বিশ্বের সমর্থন নেই। মঙ্গলবার পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা বিষয়ক ভাষণে বলেন, স্থল অভিযান চালানোর কোন ইচ্ছে নেই।
আইএস ও অন্যান্য জঙ্গি সংগঠনের হুমকি মোকাবেলায় সিরিয়ায় স্থল অভিযান জোরদারের জন্য ক্যানবেরায় আহবান জোরালো হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন তার তেমন ইচ্ছা নেই। তিনি বলেন, আমি হাউজকে জানাতে চাই, জি-২০, অ্যাপেক ও পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেয়া নেতৃবৃন্দ ঐকমত্যের ভিত্তিতে এখনই আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলো মুক্ত করতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনাবাহিনীর অভিযানের দরকার নেই বলে সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে তুরস্কে জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একই সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বের কোথাও আইএসের নেতৃবৃন্দের নিরাপদ আশ্রয় হতে দেয়া যাবে না। তিনি সিরিয়ায় মার্কিন স্থল বাহিনী না পাঠিয়ে আইএসের বিরুদ্ধে বিরামহীন অভিযান চালানোর অঙ্গীকার করেন।
অস্ট্রেলিয়া গত কয়েক মাস ধরে ইরাকে সক্রিয় রয়েছে এবং সম্প্রতি সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে। টার্নবুল বলেন, বিশ্বে ও আমাদের নিজস্ব অঞ্চলে নিরাপত্তা অস্ট্রেলিয়ার কাছে অগ্রাধিকার বিষয় এবং ইরাকে ও সিরিয়ায় অস্ট্রেলিয়ার সামরিক অঙ্গীকারের প্রকৃতি বা পর্যায়ের উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা নেই। তিনি বলেন, সিরিয়া বা ইরাকে একতরফাভাবে অস্ট্রেলিয়ার সৈন্য মোতায়েন যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত হবে না। বাসস।
