সালাউদ্দিনকে ফাঁসি না দিতে অনুরোধ করেছিলেন ইমরান খান

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৬:৫০

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর না করতে অনুরোধ করেছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে ও ফোন করে ইমরান এই অনুরোধ করেন।

চিঠিটি লেখা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের আগের দিন, অর্থাৎ ২১ নভেম্বর। ২২ নভেম্বর প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। পাকিস্তানের জিও টেলিভিশন এর এক টকশোতে এ তথ্য জানান ইমরান খানের নেতৃত্বাধীন দলটির একজন নেতা।

তার কথামতে, ২১ তারিখ সন্ধ্যা ৬টার দিকে ইমরান খানের চিঠিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ইমেইল করা হয়। এর ছয় ঘণ্টার মাথায়ই সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। একই সঙ্গে ইমরান শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন বলেও জানান ওই নেতা। তবে ইমরান খান কখন ফোন করেছিলেন, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

চিঠিতে যা লিখেছিলেন ইমরান খান
IMG0
শেখ হাসিনাকে লেখা ইমরান খানের চিঠিটি প্রকাশ করেছে পাকিস্তানের জিও টেলিভিশন। চিঠিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান দাবি করেছিলেন, এ মৃত্যুদণ্ড বন্ধ করা হলে তাতে কেবলমাত্র সমগ্র অঞ্চলের স্বার্থই নয় বরং বিশ্ব শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থও রক্ষিত হবে।

এছাড়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী  ১৯৭১ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন মর্মে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে ইমরান বলেন, ‘মামলায় বর্ণিত অপরাধ করার কোনো অবকাশই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিল না’।

শুধু ইমরান খানের তরফেই না, সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে পাকিস্তান সরকারও। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করেছি, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় দুর্ভাগ্যজনকভাবে কার্যকর করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।’

পাকিস্তানের ওই বিবৃতির প্রতিবাদে ঢাকায় পাক হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।