একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি নিয়ে মন্তব্য ও বিবৃতিতে যু্দ্ধাপরাধীদের পক্ষে বিএনপির অবস্থানের প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। ফোরামের নেতারা বলেছেন, ‘বিএনপির বক্তব্যের সঙ্গে মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ পাকিস্তান সরকারের বিবৃতির হুবহু মিল রয়েছে।’
সালাউদ্দিন কাদের এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর-পরবর্তী পরিস্থিতি নিয়ে ফোরামের অবস্থান তুলে ধরতে এবং ‘যুদ্ধাপরাধীর পক্ষে বিএনপির নগ্ন সমর্থন ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের’ প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, ‘সাকা চৌধুরীকে নিয়ে বিএনপির বক্তব্য আর পাকিস্তানের বক্তব্যের মধ্যে হুবহু মিল রয়েছে। পাকিস্তান বলেছে, পাকিস্তানের সমর্থকদের হত্যা করা হয়েছে। তাহলে আমরা বলব, সঠিক কাজটি হয়েছে। পাকিস্তানের সমর্থকদের হত্যা করেছি। কারণ মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানকে সমর্থন করেছিল, আমাদের বিরোধিতা করেছিল।’
যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলার প্রতিবাদে হারুন হাবীব বলেন, “বিএনপি বলেছে, সাকা চৌধুরীর ফাঁসি বিচার ব্যবস্থার মাধ্যমে হয়নি, সরকারের নির্দেশনায় হয়েছে। বিচারক রায় দেয়নি, রায় দিয়েছে সরকার। এর মানে হচ্ছে- বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা এবং সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয়া।”
শনিবার মধ্যরাতে সাবেক এই দুই জনের ফাঁসির কার্যকরের আগ মুহূর্তে বিএনপির বিবৃতি আসে। তার আগে সন্ধ্যায় বিবৃতি পাঠায় তাদের জোটসঙ্গী দল জামায়াত। দুটি দলই মনে করে, তাদের নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
