আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৪টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ঠিক কোনো প্রক্রিয়ায় দেয়া হবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। এ ব্যাপারে সংসদীয় বোর্ডের মতোই তৃণমূল পর্যায়েও বোর্ড গঠন করে দেয়ার কথা থাকলেও এ বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের কোনো নির্দেশনা তৃণমূলে পৌঁছায়নি। এ নিয়ে দলের ভিতরে বিশেষ করে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন অন্ধকারে। প্রার্থী মনোনয়ন নিয়ে এলাকার ক্ষমতাধর এমপিরা জেলা ও উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ছড়ি ঘোড়াতে পারেন এমন আশঙ্কাও রয়েছে সাধারণ নেতাকর্মীদের মধ্যে। তাই দ্রুততম সময়ের মধ্যেই কেন্দ্রের দিক-নির্দেশনা চান তৃণমূল আওয়ামী লীগ নেতারা। তবে চলতি সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হবে এবং সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, দলীয়ভাবে প্রার্থী নির্ধারণে দলগুলোর আলাদাভাবে নিজেদের পদ্ধতি বের করে নিতে হবে। সংসদীয় বোর্ডের আদলে তৃণমূলে পৃথক বোর্ড গঠন করে দেয়ারও ইঙ্গিত দেন তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন এ প্রসঙ্গে বলেন, নির্বাচনী মেকানিজম নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হবে। দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, পৌরসভা নির্বাচনে কীভাবে প্রার্থী মনোনয়ন দেয়া হবে তার কোনো নির্দেশনা তিনি এখনো পাননি। তবে শিগগিরই বিষয়টি চূড়ান্ত হতে পারে।
