তিউনিসিয়ায় বাসে বোমা হামলা, নিহত ১২

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৩:৫৪
তিউনিসিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের একটি বাসে বোমা হামলায় ১২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী তিউনিসে এ ঘটনা ঘটে।
 
এ হামলার পর দেশটির প্রেসিডেন্ট রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছেন।
 
দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র মোয়েজ সিনাইয়ে বলেছেন, 'রাজধানী তিউনিসের মূলকেন্দ্র মোহামেদ ভি অ্যাভিনিউয়ে এ হামলার ঘটনা ঘটে। যে গাড়িতে বোমা হামলা চালানো হয়েছে সেটি তিউনিসের প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বহনকারী একটি বাস। এ হামলায় ১২ জন নিহত হয়েছেন।'
 
এর আগে এ বছরের মার্চ ও জুনে দুই দফায় বন্দুকধারীর গুলিতে ২১ ও ৩৮ জন প্রাণ হারান। এরপর মঙ্গলবার আবার হামলার ঘটনা ঘটল।
 
এর আগের ওই দুই হামলার পর থেকে তিউনিসিয়ার পর্যটকদের ভ্রমণ কমে গেছে। ওই দুই হামলা আইএস চালিয়েছিল বলে জঙ্গি গোষ্ঠীটি দাবি করেছিল।
 
-বিবিসি