রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত পরিমল জয়ধরের বিরুদ্ধে রায় আজ ঘোষণা করবেন আদালত। বুধবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন এ রায় দিবেন।
এর আগে মামলার যুক্তিতর্ক শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. সালেহ উদ্দিন ১০ নভেম্বর রায়ের এই তারিখ ধার্য করেন।
মামলায় বিদ্যালয়টির বসুন্ধরা ক্যাম্পাসের শিক্ষক পরিমলই একমাত্র আসামি। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে পরিমল।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার লাটেংগা গ্রামের বাসিন্দা পরিমল ২০১০ সালে ভিকারুননিসার বসুন্ধরা শাখায় বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেয়। মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে প্রথম ধর্ষণ করে পরিমল। ওই সময় ছাত্রীর নগ্ন ভিডিও চিত্র মোবাইলে ধারণ করা হয়। তাকে জিম্মি করে ১৭ জুন পুনরায় ধর্ষণ করে।
