জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক সুস্থতা অনুভব না করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকালে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হননি। তিনি বিশ্রামে রয়েছেন। তাই বৃহস্পতিবার আদালতে যাচ্ছে না তিনি।'
এর আগে তিনি দুই মাসের বেশি সময় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করেন। এ সময় তার অনুপস্থিতিতেই ওই মামলা দুটির সাক্ষ্যগ্রহণ ও জেরা চলে। ওই দিনই বকশিবাজারের মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুই মামলার পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করা হয়।
২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাষ্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করেন দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করেন।
