মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ন্যাশনাল সিকিউরিটি টিম মনে করছে, যুক্তরাষ্ট্রে আইএসের সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোন হুমকি নেই। গ্রুপটির বিরুদ্ধে জোটের বিমান হামলা জোরদারের প্রেক্ষাপটে মঙ্গলবার হোয়াইট হাউস একথা বলেছে।
ইসলামিক স্টেটের দায় স্বীকার করা সাম্প্রতিক ধারাবাহিক হামলা চালানো নিয়ে আলোচনা করতে ওবামা তার জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেন।
এসব হামলার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও প্যারিস আইএসের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে।
এদিকে ফ্রান্স ভূ-মধ্যসাগরে নতুন করে মোতায়েন করা বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্র জঙ্গি এ গ্রুপের বিরুদ্ধে আরো আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহবান জানিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালি, লেবানন, নাইজেরিয়া ও তুরস্কে জঙ্গি হামলায় অনেক লোক নিহত হওয়ায় বিশ্বব্যাপী এক ধরণের আতংক ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরকার ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির কারণে আমেরিকার নাগরিকদের সতর্ক করে সোমবার বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ওবামাকে অবহিত করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আইএসের হামলার কোন সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি নেই। এসময় প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলকে আইএস দমনে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।
বিবৃতিতে আরো বলা হয়, ওবামা মিত্র দেশের সাথে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারেরও আহবান জানান। বাসস।
