লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল দহগ্রাম-অঙ্গরপোতায় থ্রিজি সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন সহজলভ্য করেছি। আমরাই প্রথম মোবাইল সেবাকে প্রাইভেট সেক্টরে নিয়ে আসি। প্রথমে গ্রামীণফোন, একটেল ও সেবাকে প্রাইভেটে ব্যবসা করার সুযোগ দেই। আজ আমরা থ্রি-জিতে চলে গেছি। গ্রামীণফোনকে ধন্যবাদ অঙ্গরপোতা-দহগ্রামের মতো এমন একটি প্রত্যন্ত এলাকায় এই সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক প্রথম ঐ এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ করে। এরপর সবগুলো মোবাইল ফোন অপারেটর তাদের নেটওয়ার্ক সেখানে নিয়ে যায়। তবে গ্রামীণফোন সর্বপ্রথম সেখানে থ্রিজি সার্ভিস নিয়ে গেছে। ২০০৯ সালে রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও সেটি ছিল পরীক্ষামূলক।
২০১৩ সালে নিলামের মাধ্যমে সবগুলো বেসরকারি অপারেটর থ্রিজিতে চলে যায়। বর্তমানে দেশে দুই কোটি থ্রিজি গ্রাহক রয়েছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী বেসরকারি অপারেটরদের এখন উপজেলা পর্যায়ে থ্রিজি সেবা দেয়ার কথা। কিন্তু অধিকাংশ অপারেটরই এখনো সব উপজেলায় যেতে পারেনি।
