‘চোরাচালান ঠেকাতে ৩ লাখ ২২ হাজার বার অভিযান’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৪:৪১
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, চোরাচালানকারীদের ধরতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৩ লাখ ২২ হাজার বার অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ছয় মাসে ১৩ হাজার ৫০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। আর মামলা হয়েছে ৭২ হাজার।
 
তিনি বলেন, চোরাচালানের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। এরই মধ্যে চারাচালানের আড়াই হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলোর নিষ্পত্তি প্রক্রিয়া আরো গতিশীল করা হবে। মাদকের বিষয়টি গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পাট চোরাচালানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে, যাতে পাট বাইরে যেতে না পারে।