ফেসবুক খুলে দিতে আইনি নোটিশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ২২:৪০
 
ফেসবুক, টুইটার হোয়াটস অ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা সব সামাজিক  যোগাযোগ মাধ্যম খুলে দিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী কুমার দেবুল দে ফ্যাক্স যোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি পাঠান।
 
নোটিশে বলা হয়, গত ১৮ নভেম্বর প্রশাসনিক আদেশ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। কিন্তু সিদ্ধান্তটি তথ্য অধিকার আইন ও সংবিধানের ৩৯ ধারার পরিপন্থী। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের এ মাধ্যমগুলো খুলে দিতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কুমার দেবুল দে।
 
প্রসঙ্গত, নিরাপত্তার কথা বলে গত ১৮ নভেম্বর  থেকে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের একটা মানুষও যতক্ষণ নিরাপদ বোধ করবেন না ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
 
অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে অনেকেই এসব যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। এমনকি সরকারের ঊর্ধ্বতনদেরও এ কৌশল অবলম্বন করছেন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন তাদের নজরদারিতে রাখা হয়েছে! -ফোকাস বাংলা