আমিরের পাশে এআর রহমান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ২২:৫৯
 
ভারতে অসহিষ্ণুতা ইস্যু নিয়ে কিছুদিন যাবৎ অনেকই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন। গত কয়েকদিন ধরেই বলিউডের আমির খানকে এই ইস্যু নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। অসহিষ্ণুতা ইস্যুতে 'দেশ ছাড়তে চান' এমন মন্তব্য করে আমির একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন।
 
আমিরের পর এবার অসহিষ্ণুতা ইস্যু নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী এআর রহমান। শুধু তাই নয়, বুধবার ফের সেই প্রসঙ্গ টেনেই আমিরের পাশে দাঁড়িয়ে সওয়াল করেন অস্কারজয়ী রহমান। এর আগেই টুইটে অভিনেতার বক্তব্যে তার সহমত জানিয়েছিলেন তিনি।
 
রহমানের দাবি ভারতের মাটিতে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনিও। চলতি বছরেই ইরানি ছবি 'মোহম্মদ, মেসেঞ্জার অব গড' ছবিতে সুর দেয়ায় রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুম্বাইয়ের একটি মুসলিম মৌলবাদ সংগঠন। সংগঠনের নেতাদের অভিযোগ ছিল ছবিটির নামে নবীকে যথেষ্ট সম্মান দেখানো হয়নি। সে সময়ে শেষ মুহূর্তে সুরসম্রাটের একাধিক কনসার্ট বাতিল করে মুম্বাই ও উত্তরপ্রদেশ সরকার। তবে রাজ্য প্রশাসনের তরফে তখনই জানানো হয়েছিল যে, অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত।