ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। ভাংচুর করা হয়েছে কয়েকটি মোটর সাইকেল।
রবিবার বিকেলে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আ্য়ুবুর রহমান জানান, ‘বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করে রয়েড়া বাজারে যায়। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে শৈলকুপা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উভয় পক্ষের লোকজন সরে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। এ খবরে শৈলকুপা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন অভিযোগ করেন তার সমর্থকরা মোটরসাইকেল নিয়ে রয়েড়া বাজার নির্বাচনী প্রচারণায় যায়। এ সময় তার প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালায়। এতে তার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে। বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে তারা।
আরও পড়ুনঃ শাবি ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ: আহত ১৫
অপর দিকে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নায়েব আলি জোয়ার্দ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন শিকদারের লোকজন লাঠিসোটা নিয়ে মোটরসাইকেল মহড়া দিতে রয়েড়া বাজারে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ইত্তেফাক/নূহু
