জাপানি নারী মিয়াতার লাশ উত্তোলনের নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৭:১৩
 
ময়নাতদন্তের জন্য জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।
 
এর আগে মামলার তদন্তের স্বার্থে ওই নারীর লাশ উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা।
 
এদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া সাংবাদিকদের জানান, আদেশের কপি ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে একজন নির্বাহী নিয়োগ করা হবে। এসব প্রক্রিয়া শেষে কবর থেকে লাশ তোলা হবে।
 
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে ঢাকায় ছিলেন হিরোয়ি। তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। এ ছাড়া জাপান সরকারের পেনশনও পেতেন।
 
গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন, যাতে বলা হয়, তাদের এই নাগরিক তিন সপ্তাহ ধরে নিখোঁজ। এরপর পুলিশ জানতে পারে, ২৯ অক্টোবর মিয়েতার মৃত্যুর পর তাকে গোপনে উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে সমাহিত করা হয়েছে।
 

তার মৃত্যু ও গোপনে সমাহিত করায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। এরপর উত্তরা পূর্ব থানায় ছয়জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয় বলে ওসি আবু বকর জানান।