সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করায় আনুষ্ঠানিক প্রতিবাদ ও উদ্বেগ জানাতে চায় পাকিস্তান। এজন্য পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার দেশটির জাতীয় পরিষদের সদস্য শেখ আফতাব আহমেদ এ কথা জানান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করার একদিন পর বাংলাদেশের হাইকমিশনারকে তলবের কথা জানানো হলো।
বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পাকিস্তান সরকারের প্রতি দাবি জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্যরা ।
গত ২১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। পরে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় তারা ‘বিচলিত’। এরপর ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
