রংপুরে ১০ খ্রীস্টান যাজককে হত্যার হুমকি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৯:০৩
রংপুরে এক ফাদার ও বিভিন্ন গীর্জায় কর্মরত নয়জন পাদ্রিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার বিকেলে চিঠির মাধ্যমে ওই হুমকি প্রদান করে দুর্বৃত্তরা।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
জানা গেছে, বুধবার বিকেলে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশ আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ রংপুরের পালক প্রধান ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমরমকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে।
 
ফাদার বার্নাবাস হেমরম বলেন, ‘‘বুধবার পাঁচটায় ডাক বিভাগের এক পিয়ন হলুদ খামে ওই চিঠিটি দিয়ে যান। আমাকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠিতে আরো নয়জনের নাম রয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘এবার আমাদের পরিকল্পনা, বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে তাদের সকলকে এক এক করে হত্যা করা হবে। আমাদের দেশ শুধু মুসলিম আইন দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশে মুসলমান আছে কি না সেটা সরকার টের পাবে।’’
ওই চিঠিতে হুমকিপ্রাপ্ত বাকি নয়জন হলেন, রংপুর মহানগরী, পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার বাইবেল চার্চ অব গড, যিহোবা শালোম এজি চার্চ, টালিথা কুর্মি চার্চ, তনকা ব্যাপ্টিস্ট চার্চ, দাউদিপুকুর ব্যাপ্টিস্ট চার্চ, ধাপ উদয়পুর ক্যাথলিক চার্চ, হাসিয়া টালিধা কুমি চার্চ, কইলোচিয়া বাইবেল চার্চ ও সাধু ফিলিপ মেরি ক্যাথলিক।
 
উল্লেখ্য, গত দুই মাসে পাবনায় এক খ্রীস্টান পাদ্রিকে গলা কেটে এবং দিনাজপুরে আরেক ইতালীয় ধর্মযাজককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ৮ নভেম্বর মহানগরীর আরকে রোড আইডিয়াল মোড়ে খ্রীস্টান মিশনারীর বাহাই কেন্দ্রের সামনে বাহাই কেন্দ্রের নেতাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হয়।