রাজধানীর হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা মামলায় গ্রেফতার পাঁচ জেএমবি সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী তাদেরকে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান এই আদেশ দেন।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন- চান মিয়া (৩২), ওমর ফারুক ওরফে মানিক (২৮), হাফেজ আহসান উল্লাহ মাহমুদ (২৯), শাহজালাল (৩৮) এবং কবির হোসেন ওরফে রাশেদ।
গত ২৩ অক্টোবর দিবাগত রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসাইনী দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। রাত পৌঁনে দুইটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাজ্জাদ হোসেন নামে কিশোর নিহত হন। শতাধিকের বেশি আহত হন।
