সন্ত্রাস প্রকৃত মুসলমানের পথ নয় : প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ২২:৫৫
‘সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা প্রকৃত মুসলমানের পথ নয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা মানসিকভাবে বিকৃত।’
 
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের জরুরি সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে ঢুকে মুসল্লিদের উপর এলোপাতাড়ি গুলি ছুড়ে হামলার ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিন নিহত হন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা ‘সাচ্চা মুসলমান’ (প্রকৃত মুসলমান) এর পথ নয়। মসজিদের ভেতের ঢুকে মানুষ হত্যা প্রকৃত মুসলমানের কাজ নয়। যারা এ ধরনের অপরাধ করছে তারা মানসিকভাবে বিকৃত।
কেউ যাতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য যুব সমাজ, ছাত্র ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
 
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ মুসলমানদের উপর হামলা হবে এবং তাদের জীবন কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তাই এ ধরনের হামলার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
 
এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বক্তব্য রাখেন। বাসস