আজ থেকে উচ্চাঙ্গসংগীত উত্সব

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ০১:১৬

বেঙ্গল ফাউন্ডেশন-এর আয়োজনে আজ থেকে দেশে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব বাংলাদেশ’। এ বছরও উত্সব পাঁচদিনের। গত তিন বছর ধরে আয়োজিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব’ শিল্পী ও দর্শকের অংশগ্রহণের বিচারে এরইমধ্যে এই উপমহাদেশে তথা বিশ্বে সবচেয়ে বড় পরিসরের উচ্চাঙ্গসংগীত আসর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবারের উত্সব বাংলাদেশের অন্যতম প্রধান চিত্রকর ও আমাদের সুহূদ শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির প্রতি উত্সর্গ করা হয়েছে। এবারের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উত্সব আজ থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজকে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী রাহুল শর্মা, কৌশিকী চক্রবর্তী, পণ্ডিত কুশল দাস, বিদুষী বম্বে জয়শ্রী, জয়াপ্রদা রামমূর্তি। এছাড়াও অংশগ্রহণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, ভরতনাট্যমের পল্লবী ডান্স সেন্টার।

 
উত্সবে যোগ দিতে বাংলাদেশে আরও আসছেন প্রবাদপ্রতিম শিল্পী ওস্তাদ জাকির হোসেন। তিনি একক তবলা বাদন পরিবেশন করবেন। প্রথমবারের মতো আসছেন খ্যাতিমান কর্ণাটকি কণ্ঠশিল্পী পদ্মবিভূষণ ড. বালমুরালীকৃষ্ণ।
 

প্রথম বছর থেকেই ছিলেন প্রথিতযশা শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত সুরেশ তালওয়ালকার, পণ্ডিত উল্লাস কশলকার, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত কুশল দাস ও ওস্তাদ রাশিদ খান। এরা প্রত্যেকেই এবারও অংশগ্রহণ করবেন।