টোকিওতে ইন্টেল সিকিউরিটি সামিট অনুষ্ঠিত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ০১:৪০

গত ১৩ নভেম্বর টোকিওর প্রিন্স পার্ক টাওয়ারে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টেল সিকিউরিটি সিএমএসবি পার্টনার সামিট ২০১৫। ইন্টেল সিকিউরিটি জাপানের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে বিপুলসংখ্যক বিদেশিসহ জাপানের বিভিন্ন অংশের কয়েক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 
সামিটে ইন্টেল সিকিউরিটির বিশ্বব্যাপী তত্পরতা, আগামী দিনের চ্যালেঞ্জ, কৌশলগত পরিকল্পনা ইত্যাদি নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ম্যাকাফি কর্পোরেশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ব্রইডো, ইন্টেল সিকিউরিটি গ্রুপের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার ইয়ং, এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনজ্যুমার ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফ্রিয়ার এবং কনজ্যুমার ডিভিশনের উদ্ভাবন ও কৌশলগত বিভাগের প্রধান এলান লেনফোড। এ ছাড়াও বর্তমানে সাইবার সিকিউরিটি গুরুত্ব এবং এর বিভিন্ন কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ ড. অ্যান্ডি ওজমেন্ত।
 
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়, ২০০৫ সালে যেখানে দৈনিক গড় অনলাইন থ্রেটের পরিমাণ ছিল ২৫টি, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখে। অনুষ্ঠানে জানানো হয়, মানুষের ডিজিটাল জীবনকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখতে ইন্টেল সিকিউরিটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
 
ব্যবহারকারীদের পাসওয়ার্ড সমস্যার আরও সহজ এবং নিরাপদ সমাধান ‘ট্রু কি’ (True Key) খুব শীঘ্রই ইন্টেল সিকিউরিটি অ্যান্টিভাইরাসে যুক্ত হচ্ছে, যেখানে নিজের ছবিই হবে পাসওয়ার্ড। এ ছাড়া যুক্ত হচ্ছে নিরাপদ পরিবার (Safe Family) ফিচার যাতে ল্যাপটপ অথবা স্মার্টফোনের অ্যান্টিভাইরাসের বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারে এইজ রুলস (Age Rules) পরিবারের সদস্যদের বাইরে অবস্থানকালীন তাদের অবস্থান ও বিপদ সম্পর্কে পরিবারের অন্য সদস্যদের তথ্য সরবরাহ করবে।
 
ইন্টেল সিকিউরিটির প্রোডাক্ট মিক্সে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে ম্যাকাফি টোটাল প্রোটেকশন এবং ম্যাকাফি লিভ সেইফের মত প্রোডাক্ট যা ব্যবহারকারীদের নানাবিধ বর্ধিত সুবিধা প্রদান করবে। এছাড়াও ক্লাউড সিকিউরিটি, অনলাইন ব্যাংকিং, SMS Installer ছাড়াও নানা সহজ ও চমকপ্রদ প্রযুক্তি উপস্থাপন করা হয় যা ইন্টেল সিকিউরিটির ওপর ব্যবহারকারীদের আস্থা ও নির্ভরশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে।
 
সামিটে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিন শীর্ষ পরিবেশক ভারতের শ্বেতা গ্রুপের ললিত কোটারি, ইন্দোনেশিয়ার টেকনো সলিউশানের পরিচালক উইসস্টন কিম এবং বাংলাদেশের কম্পিউটার ভিলেজের পরিচালক তৌফিক এলাহী।
 
উল্লেখ্য, ইন্টেল ২০১১ সালে বিশ্বের বৃহত্তম সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা ম্যাকাফি কর্পোরেশনকে কিনে নেয় এবং ২০১৪ সালে থেকে বাজারজাত শুরু করে ইন্টেল সিকিউরিটি পণ্য।