নকল সার ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১২:৪৫
নীলফামারীর সৈয়দপুরে ঢাকার প্রতিষ্ঠিত একটি জৈব সার কারখানার আসল মোড়কে নকল সার উদ্ধারের ঘটনায় আব্দুল মান্নানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
 
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু ছলেহ মো. মুসা জঙ্গী ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ সালের ১৬ ধারায় ওই জরিমানা করা হয়। 
 
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোমায়রা মণ্ডল জানান, ভেজাল সার উৎপাদনকারী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে চিঠি দিয়ে সুপারিশ করা হয়। গত ১৯ নভেম্বর শহরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে গ্রামীণ শক্তি জৈব সারের মোড়কে বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করে কারখানাটি সীলগালা করা হয়।