মওদুদ ভাই আইলে আঁঁই খুশি হইতাম: ওবায়দুল কাদের

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৬:৩৬
 
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নোয়াখালী সমিতির অনুষ্ঠানে এসে বিএনপি নেতা মওদুদ আহমদকে না দেখে খেদ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য দিতে উঠে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এই আওয়ামী লীগ নেতা বলেছেন, ‘মওদুদ ভাই আইলে আঁঁই খুশি হইতাম। আইলো না হেই মিয়া।’
 
ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসীর আয়োজনে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই ‘নোয়াখালী উত্সবে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নোয়াখালীর সাবেক সাংসদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদেরও এ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল।
 
দলের কারণে মওদুদ আহমেদ আসতে পারেননি বলে সন্দেহ করে ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ ভাই হয়তো ঠিকই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন। কিন্তু দল চায়নি বলে শেষ পর্যন্ত আর আসেননি।’
 
উপস্থিত মেহমানদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ইয়ানো মেজবান আছে। গরুর মাংস, বুটের ডাল, ইচা মাছ দি কদু। ব্যগুনে খাইয়েন। তয় বেশি খাই হ্যাড খারাপ কইরেন ন।’