পাট ও বস্ত্রমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন বর্তমান সরকার স্থানীয় সরকার অবকাঠামোকে সর্বোচ্চ শক্তিশালী করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পুরনে কাজ করছে। কারণ সরকারের সকল কল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় সরকার সেতুবন্ধন হিসেবে কাজ করে।
তিনি বৃহষ্পতিবার বিকেলে নওগাঁ জেলার মান্দা উপজেলা পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ এ সভায় সভাপতিত্ব করেন।
একই সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক স.ম জসিম উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম আহসান হাবিব, জামিলা আখতার ফেন্সিসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পাট ও বস্ত্রমন্ত্রী বলেছেন বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথ্য প্রযুক্তি, যোগাযাগ, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রে অভাবনীয়ভাবে এগিয়ে গেছে। বাংলাদেশ এখন সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করছে। এ জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে।
উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন স্ব স্ব ক্ষেত্রে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ না করলে কাঙ্খিত উন্নয়ন প্রত্যাশা করা যাবে না। কারণ কর্মকর্তা কর্মচারীরাই সরকারের হৃদযন্ত্র। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাযথ মর্যাদা বৃদ্ধি করেছে বর্তমান সরকার। তাঁদের আর্থিক স্বচ্ছলতা দিতে নতুন বেতনস্কেল প্রদান করছে। এখন বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্মানজনক হারে বেতন পাচ্ছেন।
