বাংলাদেশের সঙ্গে সরাসরি জাহাজ রুটে আগ্রহী থাইল্যান্ড

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৭:৫০
সমুদ্রপথে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য জাহাজ চলাচলের জন্য একটি সরাসরি রুট চালু করতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। বর্তমান বাণিজ্য রুটটি সিঙ্গাপুর হয়ে তার পর থাইল্যান্ড যায়।
 
গত বুধবার ব্যাংককে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিমের সঙ্গে এক বৈঠকে থাইল্যান্ডের র‍্যানং প্রদেশের গভর্নর সুরিয়ান কানজানাসিপ একথা জানান। র‍্যানং প্রদেশের সমুদ্রবন্দর থেকে চট্টগ্রামের মধ্যে নতুন রুটটি প্রস্তাব করা হয়।
 
বৈঠক শেষে থাইল্যান্ডের সাংবাদিকদের বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, থাইল্যান্ডের সঙ্গে কানেকটিভিটি বাড়ানো বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। সে কারণেই চট্টগ্রাম ও র‍্যানং বন্দরের মধ্যে জাহাজ চলাচল শুরু করার সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে। 
 
বৈঠকে গভর্নর সুরিয়ান কানজানাসিপ ছাড়াও দেশটির বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ডিরেক্টর জেনারেল উপস্থিত ছিলেন। উল্লেখ্য র‍্যানং বন্দর থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর উপকূলে অবস্থিত। নতুন এই রুট চালু হলে পরিবহন খরচ এক তৃতীয়াংশ কমে যাবে। এছাড়াও সময়ও লাগবে অনেক কম। -প্রেস বিজ্ঞপ্তি