প্যারিসে গত ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত চারটি অ্যাসল্ট রাইফেল কেনা হয়েছিল এক জার্মান অস্ত্র পাচারকারীর কাছ থেকে। জার্মান পত্রিকা বিল্ড এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
জার্মানির স্টুটগার্টের প্রসিকিউটরদের দলিলপত্রের বরাতে বিল্ড জানিয়েছে, দুটি একে ৪৭ এবং দুটি জাসটাভা এম ৭০ গত ৭ নভেম্বর প্যারিসে এক খদ্দেরের কাছে বিক্রয় করেন এক জার্মান ডিলার। ফরাসি তদন্ত কর্মকর্তাদেরও ধারণা ওই অস্ত্রগুলোই প্যারিস হামলায় ব্যবহৃত হয়েছে।
তবে এ ব্যাপারে স্টুটগার্টের প্রসিকিউটরদের কোন মন্তব্য পাওয়া যায়নি। বিল্ডের বর্ণনা মতে, গত ১৬ নভেম্বর জার্মান পুলিশ দেশটির দক্ষণাঞ্চলীয় শহর ম্যাগস্ট্যাডট থেকে অবৈধ অস্ত্র বাণিজ্যে জড়িত সন্দেহে স্যাসচা ডব্লিউ নামে ৩৪ বছরের এক ব্যাক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ‘ডার্কনেট’ নামের একটি গুপ্তচক্রের মাধ্যমে ‘ডিডব্লিউ গানস’ নাম ব্যবহার করে অস্ত্র বাণিজ্য চালানোর অভিযোগ রয়েছে।
তার স্মার্ট ফোন ঘেঁটে এমন চারটি ইমেইল চালাচালির রেকর্ড পাওয়া গেছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে, তিনি প্যারিসে এক আরবের কাছে চারটি অ্যাসল্ট রাইফেল বিক্রি করেন। এছাড়াও তার বাসভবনে তল্লাশি চালিয়ে আরো ১৬টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।
