'সন্ত্রাসী আক্রমণ বন্ধে প্রয়োজন আন্তর্জাতিক সমন্বয়'

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৯:২১
 
বগুড়ায় শিয়া মসজিদে নামায চলাকালে সন্ত্রাসী হামলার তীব্র সমালোচনা করে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, এই ধরণের হামলা প্রতিহত করতে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। শুক্রবার ব্রিটিশ হাইকমিশন ঢাকা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
 
সেখানে তিনি আরো বলেন, প্রার্থনা চলাকালে বগুড়ায় মসজিদে এমন বর্বরোচিত হামলা আমাকে হতভম্ব করে দিয়েছে। তাদের বিশ্বাসের সঙ্গে এই হামলাকে কিছুতেই মেলানো যায় না। এ বিবৃতিতে তিনি হামলা নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া প্যারিস, মালি ও বেরুত আক্রমণ প্রমাণ করে কোন দেশই এখন সম্পূর্ন নিরাপদ নয়। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় থাকতে হবে। সেই সঙ্গে খুজে বের করতে হবে এমন অসহিষ্ণুতার কারণ।